রসের আম | হাসির কবিতা | এস এফ সেলিম আহম্মেদ | আমের রসের টুপটুপে ছন্দ
রসের আম
কবি: এস এফ সেলিম আহম্মেদ।
তারিখ: ০৬ মে ২০২৬ ইং ।
বৈশাখ আসে—
ঢেউ তোলে দিগন্তে / রোদের ভিতর রোদ /
ডালে ডালে দোলে সোনালি ঘোষণা = “আম”
পাতা কাঁপে—
টুপটাপ / টুপটাপ /
শব্দে ঝরে মিষ্টি স্রোত /
মনে হয়—
সূর্য গলে নেমে আসে / ফলের ছদ্মবেশে
কাঁচা আম—
টক তীর ছুঁড়ে দেয় জিভের গভীরে /
চোখ কুঁচকে যায় / মুখ আঁকে বক্ররেখা /
জীবন হঠাৎ হয়ে ওঠে
এক সমীকরণ—
যেখানে হাসি = কষ্ট ÷ মজা
পাকা আম—
নরম নেশা / ধীর প্রলোভন /
এক কামড়ে—
সময় থামে / দিন ঢলে পড়ে /
ঠোঁটের কোণে জমে ওঠে
অঘোষিত আনন্দের ভাষা
একজন—
ছুরি দিয়ে কাটে / শৃঙ্খলার মতো
আরেকজন—
দাঁত বসিয়ে চুষে নেয় / বুনো উল্লাসে
তৃতীয়জন—
মুখে নয়, গালে লেখে রস /
নিজেকেই বানায় ফলের উৎসব
আমি—
দু’হাতে ধরি / নিয়ম ভাঙি /
রসের ভেতর ডুবে গিয়ে বলি—
“এই স্বাদ—
কবিতারও আগে জন্ম নেয়”
দূর থেকে মায়ের স্বর—
নিয়মের কঠোর প্রহরী—
“এই, সীমা মানো—অতিরিক্তে আগুন”
আমি চুপচাপ হেসে—
আরেক ফোঁটা রস নামাই /
বলে উঠি—
“আগুন হলেও / এই আগুন মিষ্টি”
শেষ আম—
ফ্রিজের নিঃশব্দ রাজা /
সময়ের ভিতর ঘুমায়
দুই দিন পর—
গন্ধে লিখে যায় ইতিহাস /
মধু থেকে অবসান—
এক নীরব ট্র্যাজেডি
তবু—
আম মানে—
শৈশবের আঙুলে লেগে থাকা সূর্য /
জিভে জমে থাকা নরম দিন /
আর—
টুপ করে ঝরে পড়া সেই হাসি
যা পাকা ফলের মতোই
অপরিহার্য / অমলিন / অবাধ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন