একটি জীবিত প্রদীপের দিকে | আধুনিক বাংলা কবিতা | এস এ ফ সেলিম আহম্মেদ
## “একটি জীবিত প্রদীপের দিকে”
**কবি: এস এফ সেলিম আহম্মেদ।**
***এই কবিতা নিবেদিত—
সেই অনুচ্চারিত সত্তার প্রতি,
যাহা আমার ভিতরে নীরবে প্রদীপ জ্বালাইয়া রাখে।
**তারিখ: ১৯ মে ২০২৬ ইং।**
*****************************************
তোমাকে পাওয়ার আগে
আমার সমস্ত দিনযাপন
একটি বিলম্বিত অস্তগমন ছিল :
যেখানে রাত্রি
ধীরে ধীরে
নিজেরই ভিতরে নিমজ্জিত হইত।
আমি তখন
নির্জনতার অনুবাদক মাত্র—
ধূলি, নৈঃশব্দ্য ও পরিত্যক্ত আকাশের
এক ক্ষুদ্র সহোদর।
তারপর তুমি আসিলে।
আগমনের কোনো শব্দ ছিল না,
তবু অনুভব করিলাম :
আমার অন্তর্গত শূন্যতার গভীরে
একটি সুদূর নক্ষত্র
ধীরে ধীরে আলো খুলিতেছে।
সুখের যত বিস্মৃত উপকূল
অবহেলায় নিদ্রিত ছিল,
তোমার স্পর্শে তারা পুনরায় জলে নামিল।
বহু মৃত জানালা
হঠাৎ বাতাস চিনিতে শিখিল।
ভালোবাসার যত মোহনা ছিল—
সবশেষে এসে
তোমার দুই চক্ষুর নীল গভীরতায়
নীরবে বিলীন হইল।
তুমি পাশে থাকিলে
ক্ষয়ও সৌন্দর্যের দিকে ঝুঁকিয়া পড়ে।
সময় তাহার নিষ্ঠুর ব্যাকরণ ভুলিয়া যায়।
রাত্রি—
নিজের কৃষ্ণবস্ত্র ধীরে খুলিয়া
জোৎস্নার দিকে অগ্রসর হয়।
এখন আমার নিঃসঙ্গতা
আর পূর্বের ন্যায় অনাথ নহে।
তোমার স্মৃতি
আমার ভিতরে এক সুদীর্ঘ আলোকনদী :
যাহার জলে
আমি প্রতিদিন
অল্প অল্প পুনর্জন্ম লাভ করি।
এবং আমি বুঝিলাম—
সমস্ত দীর্ঘ অন্ধকারেরও
কোনো এক গোপন আলোর উদ্দেশ্য থাকে।
ভগ্ন সভ্যতার স্তূপে
এখনও একটি জীবিত প্রদীপ
জ্বলিতেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন