ঈদের শহরে ফুটপাত | ঈদুল আযহা নিয়ে মানবিক কবিতা | এস এফ সেলিম আহম্মেদ
ঈদের শহরে ফুটপাত
কবি: এস এফ সেলিম আহম্মেদ।
তারিখ: ২৬ মে ২০২৬ ইং।
ঈদের রাত।
শহর ভরে যায় আলোয়,
দোকানের কাঁচে ঝুলে থাকে
নতুন জামা।
মসজিদ থেকে তাকবীর আসে।
আর ফুটপাতে
একটা শিশু
পলিথিন টেনে ঘুমায়।
তার পাশে
অর্ধেক খাওয়া রুটি,
একটা ছেঁড়া বোতল,
আর শুকিয়ে যাওয়া কাদা।
দূরে কোথাও
মাংস কাটা হচ্ছে।
গন্ধ আসে।
শিশুটার ঘুম ভাঙে না।
রাস্তায় বসে থাকা নারীটা
চুপচাপ নিজের হাত দেখে।
পুরনো মেহেদি
কালচে হয়ে আছে এখনো।
তার কোলে
ঘুমিয়ে পড়া বাচ্চা—
মাঝে মাঝে
মশা তাড়ায় হাত নেড়ে।
একটা মানুষ
ফুটপাতের শেষ মাথায়
চাদর বিছায়।
সারাদিনের ধুলো
এখনো লেগে আছে পায়ে।
সে আকাশ দেখে না,
পাশ ফিরেই শুয়ে পড়ে।
ঈদের শহর তখনও জেগে—
হাসি,
ছবি,
ধোঁয়া ওঠা রান্না,
গাড়ির শব্দ।
আর ফুটপাত
ধীরে ধীরে
অন্ধকার হয়ে যায়।
একটা কুকুর
ডাস্টবিন ঘাঁটে।
একটা শিশু
ঘুমের ভিতর কেঁপে ওঠে।
দূরে তাকবীর চলতে থাকে।
এই শহরে
সবাই ঈদ পায় না।
কেউ কেউ
শুধু রাত পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন