রোদের উৎসবে জীবন | এস এফ সেলিম আহম্মেদ
রোদের উৎসবে জীবন
— এস এফ সেলিম আহম্মেদ
তারিখ: ২২ মে ২০২৬ ইং।
ছোট্ট এই জীবনটা—
ভোরের নদীতে ভেসে থাকা
একটি রোদমাখা পালতোলা নৌকা।
মন চায়
সাদা পাল তুলে
দিগন্তের নীল দরজায় গিয়ে
বাতাসের হাতে হাত রেখে
দুলতে দুলতে হারিয়ে যাই।
চারদিকে শুধু আলো—
জলের বুকে সোনালি কম্পন,
ঢেউয়ের ভিতর ঝিকিমিকি দুপুর,
আর আকাশ
তার নীল সুখগুলো
অবিরাম ছড়িয়ে দেয় পৃথিবীর গায়ে।
কত পাখি উড়ে যায়
রোদের গোপন সুর বুকে নিয়ে,
কত বাতাস
চুপিচুপি ছুঁয়ে দেয়
অবসন্ন হৃদয়ের জানালা।
তখন মনে হয়—
জীবন আসলে কোনো ভার নয়,
জীবন মানে
অকারণ ভালো লাগার আলো,
নদীর জলে ভেসে থাকা
এক মুঠো আনন্দের প্রতিচ্ছবি।
সময়গুলো ফুরিয়ে যাক
হাসির ভিতর,
উৎসবের ভিতর,
প্রিয় মানুষের ডাকের ভিতর।
যেন বিকেলের শেষ রোদ
নরম হয়ে নেমে আসে পালে,
আর পৃথিবী
এক মুহূর্তের জন্য হলেও
স্বপ্নের মতো সুন্দর হয়ে ওঠে।
কারণ মানুষ শেষ পর্যন্ত
কিছু রোদ বাঁচিয়ে রাখে চোখে,
কিছু গান জমিয়ে রাখে হৃদয়ে,
আর একটু সুখের আশায়
সারাজীবন নদীর মতো
ভেসে যেতে চায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন