ভুল শতাব্দীর চাঁদ | এস এফ সেলিম আহম্মেদের আধুনিক দার্শনিক কবিতা
ভুল শতাব্দীর চাঁদ
কবি : এস এফ সেলিম আহম্মেদ।
তারিখ : ১৬ মে ২০২৬ ইং ।
তুমি কিন্তু ভীষণ বোকা মানুষ—
বোকা না হলে
একটা ভাঙা ঘরের সামনে
এভাবে বারবার এসে দাঁড়াতে না।
তুমি বুঝো না ?
কিছু মানুষ থাকে—
যাদের ভিতরে
আস্ত একটা বিদ্যুৎহীন শহর মরে পড়ে থাকে ;
বাইরে শুধু হাসির পোস্টার টাঙানো থাকে।
তুমি সেই পোস্টার দেখে ভুল করেছো।
তোমার মতো এত সুন্দর চাঁদ
আমার সাথে যায় না—
আমি তো বহু আগে
নিজের রাতগুলো
সিগারেটের ছাইদানি আর
অর্ধেক ঘুমের কাছে বিক্রি করে দিয়েছি।
তবুও তুমি আসো :
জানালায় আলো রেখে যাও,
চোখে নরম বিপদ নিয়ে দাঁড়াও—
যেন ভালোবাসা এখনো
মানুষকে বাঁচিয়ে রাখতে পারে।
কিন্তু তুমি একটা জিনিস জানো না—
আমার ঘরে
চাঁদ রাখার মতো জায়গা নেই ;
এখানে শুধু
কিছু কাঁচা নিঃশ্বাস পড়ে আছে,
কিছু দেরি হয়ে যাওয়া কান্না,
আর দেয়ালের ভিতরে আটকে থাকা
পুরনো চিৎকার।
আমি আসলে মানুষ না—
সময়ের হাতে নষ্ট হয়ে যাওয়া
একটা অভ্যাস মাত্র।
আর তুমি—
ভুল শতাব্দীর সুন্দরতম চাঁদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন