ফিরে না আসা বিকেল | একটি না ফেরা অপেক্ষার গল্প
“ফিরে না আসা বিকেল”
(একটি না ফেরা অপেক্ষার গল্প)
এস এফ সেলিম আহম্মেদ ।
ঢাকা শহর কখনো থামে না—
রাস্তাগুলো মানুষের ভিড়ে প্রতিদিন নতুন গল্প লেখে।
কিন্তু সেই ব্যস্ততার মাঝেও একটি কফি শপ আছে,
যেখানে সময় যেন একটু ধীরে হাঁটে।
প্রতিদিন বিকেল ঠিক পাঁচটায়
একজন মানুষ এসে বসে জানালার পাশের একই টেবিলে।
ওয়েটাররা তাকে চিনে গেছে বহুদিন—
কেউ আর জিজ্ঞেস করে না, “আপনি একা?”
তবুও নিয়ম করে অর্ডার আসে—
দুটি কফি।
একটা তার সামনে,
আরেকটা ঠিক বিপরীতে—
যেখানে কেউ বসে না।
মানুষটার নাম এস এফ।
চোখে অদ্ভুত এক শান্তি,
যেন অপেক্ষারও একটা অভ্যাস হয়ে গেছে তার।
কখনো সে হালকা করে হাসে,
কখনো ফিসফিস করে কিছু বলে—
যেন সামনে কেউ বসে শুনছে।
কিন্তু কেউ থাকে না।
২০১৬ সালের এক বিকেল—
ঠিক এই টেবিলেই প্রথম দেখা।
শর্মিলা এসেছিল একটু দেরি করে,
চোখে লাজুক হাসি আর কণ্ঠে নরম শব্দ।
“সরি, ট্রাফিকে আটকে গেছিলাম…”
এস এফ তখন হেসে বলেছিল—
“ঢাকা শহরে সময়মতো আসা মানেই অলৌকিক কিছু।”
সেদিন দুই কাপ কফির মাঝে
একটা অচেনা সম্পর্ক জন্ম নিয়েছিল।
তারপর বিকেলগুলো বদলে গেল—
প্রতিদিন একই টেবিল, একই সময়,
আর একই দুই কাপ কফি।
হাসি, গল্প, অভিমান,
বৃষ্টিভেজা জানালায় আঙুল দিয়ে নাম লেখা—
সবকিছু মিলিয়ে
ঢাকার এক কোণায় তৈরি হয়েছিল তাদের ছোট্ট পৃথিবী।
কিন্তু সময় কখনো কারও জন্য থেমে থাকে না।
২০১৭ সালের এক সকালে
একটা খবর এসে সবকিছু ভেঙে দিল—
হঠাৎ, অপ্রস্তুত, নির্মম।
শর্মিলা আর নেই।
কেউ বলে দুর্ঘটনা,
কেউ বলে অসুখ—
কিন্তু এস এফ কোনোটা বিশ্বাস করেনি।
সে শুধু মনে রেখেছে—
শেষবার শর্মিলা বলেছিল,
“কাল দেখা হবে, ঠিক পাঁচটায়…”
তারপর থেকে প্রতিদিন
বিকেল পাঁচটা মানেই
এস এ ফ-এর কাছে এক প্রতিশ্রুতি।
সে এখনো আসে,
একই টেবিলে বসে,
দুটি কফি অর্ডার করে।
কফির ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যায়,
কাপ ঠান্ডা হয়ে আসে,
মানুষ আসে, মানুষ যায়—
ঢাকা শহর তার মতোই ব্যস্ত থাকে।
শুধু সময়টা থেমে থাকে
একজন মানুষের ভেতরে।
আজও বিকেল পাঁচটা।
জানালার বাইরে সূর্য ডুবছে,
শহর তার নিজস্ব গতিতে ছুটছে।
এস এফ চুপচাপ বসে আছে,
সামনের খালি চেয়া
রের দিকে তাকিয়ে।
হালকা করে হাসে,
নরম স্বরে বলে—
“শর্মিলা…
আজও একটু দেরি হলো, না?”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন